শেরপুর প্রতিনিধি: শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র পাঁচ মিনিট দেরিতে পৌঁছানোর কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। মনোনয়ন জমা দিতে না পেরে কার্যালয়ের ভেতর আবেগে ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা। সেই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরবর্তীতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন আব্দুল্লাহ বাদশা। শুনানি শেষে গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দেন। আদালতের সেই আদেশের পরই বুধবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন দাখিল করেন।
এ বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, সময় বিলম্বের অজুহাতে মনোনয়নপত্র গ্রহণ না করায় আমি ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্টের আদেশে আজ মনোনয়ন জমা দিতে পেরেছি। আশা করছি, যাচাই-বাছাই শেষে কোনো জটিলতা না থাকলে শেরপুর-২ আসন থেকে ‘ঈগল’ প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবো, ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যেই মনোনয়নপত্রের বৈধতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এই ঘটনার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় সময়ানুবর্তিতা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং আদালতের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্থানীয় রাজনীতিতে।
রিপোর্টার্স২৪/ঝুম