জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে আটকের পর মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর মরদেহ হিমায়িত গাড়িতে রাখা হয়েছে। নিকটাত্মীয়রা দেশের বাইরে থাকায় তাদের আগমনের পর বৃহস্পতিবার দাফন করা হবে।
জানাজায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম তারিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে এ ঘটনায় নিহত ডাবলুর বড় ভাই কাজল বাদী হয়ে জীবননগর থানায় অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিপোর্টার্স২৪/এসএন