দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞায় তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম চণ্ডিপুর এলাকায় নিজ বসতঘরের শয়নকক্ষে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাসলিমা আক্তার ওই এলাকার জিন্নাত আলী মুন্সি বাড়ির দুবাইপ্রবাসী শাহ আলমের স্ত্রী। আবদুল আল মুজাহিদ (৯) ও আবদুল আল মাহবুব আলম (৪) নামের দুই পুত্রসন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন সকালে তিনি সবার অগোচরে বসতঘরের ভুতুড়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে নিহতের স্বজন ও প্রতিবেশীরা এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তাকে গলায় ফাঁসরত অবস্থায় ঝুলতে দেখতে পান। তবে তাসলিমা আক্তার কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের মামা জেবল হক বলেন, খবর পেয়ে এসে দেখি সে ঘরের ভুতুড়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছিল। সে দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা চলছিল। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ছিল এবং তাদের মধ্যে কখনো পারিবারিক কলহের কথা শোনা যায়নি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন