| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে শোকজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৮:৫১:২৩:অপরাহ্ন  |  ৯৫৫০৯০ বার পঠিত
চাঁদপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা দুই প্রার্থী হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. হারুনুর রশীদ।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৭ জানুয়ারি ‘বিল্লাল হোসেন মিয়াজী’ নামক ফেসবুক প্রোফাইল থেকে ছবি ও দাঁড়িপাল্লা প্রতীক সংবলিত একটি পোস্টার—“১২ তারিখ সারাদিন, দাঁড়িপাল্লায় ভোট দিন”—শেয়ার করা হয়। এছাড়া ‘বিল্লাল হোসেন মিয়াজী সমর্থক গোষ্ঠী’ নামক একটি ফেসবুক পেজ থেকেও নিয়মিত নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে, যা সংশ্লিষ্ট কমিটির দৃষ্টিগোচর হয়।

অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লায়ন মো. হারুনুর রশীদ’ নামক একটি ভেরিফায়েড প্রোফাইল থেকে ছবি ও ধানের শীষ প্রতীক সংবলিত একটি পোস্টার—“হারুন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”—লেখা যুক্ত করে গত ৬ জানুয়ারি পোস্ট করা হয়। এছাড়াও ওই প্রোফাইল থেকে নিয়মিত নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে, যা কমিটির দৃষ্টিগোচর হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, উভয় প্রার্থীর এসব কার্যক্রম নির্বাচনের নির্ধারিত তারিখের তিন সপ্তাহের আগে প্রচারণা চালানোর মাধ্যমে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনজনিত শাস্তিযোগ্য অপরাধ।

এমন পরিস্থিতিতে কেন দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ আমলে নিয়ে বিচার কার্যক্রম গ্রহণ করা হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সোমবার বেলা ১১টায় ফরিদগঞ্জ সিভিল জজ আদালত, চাঁদপুরে (জেলা জজ আদালত ভবন) উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বক্তব্য ব্যতিরেকেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।

সিভিল জজ ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী এলাকার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সবুজ হোসেন এসব কারণ দর্শানোর নোটিশ অতিসত্বর জারি করে জারির প্রতিবেদন তার কার্যালয়ে প্রেরণের জন্য ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪