নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর উত্তেজিত জনতা ওই মাদ্রাসায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ির মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) পিরোজপুর জেলার বাসিন্দা। তিনি সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পালিয়ে যাওয়া ছাত্রীটি ওই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে সদর উপজেলার নুরু পাটোয়ারীরহাট মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসায় পড়াশোনার সময় প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। গত ৭ জানুয়ারি তিনি ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার জানান, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এতে প্রায় এক সপ্তাহ ধরে মাদ্রাসাটি বন্ধ ছিল। মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
এদিকে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, মাদ্রাসার শিক্ষক ছাত্রী নিয়ে পালানো এবং প্রতিষ্ঠানে তালা লাগানোর বিষয়ে উপজেলা প্রশাসনকে কেউ অবহিত করেননি। এটি একটি অপরাধমূলক ঘটনা। প্রশাসন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদ্রাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগী পরিবার সুধারাম থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ছাত্রীটি তার পরিবারের হেফাজতে রয়েছে।
রিপোর্টার্স২৪/ এসএন