বাগেরহাট প্রতিনিধি : ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল মোংলা বন্দরে পৌঁছেছে। চালবাহী ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটি মঙ্গলবার সন্ধ্যায় মোংলা বন্দরের চ্যানেলের বেসক্রিক এলাকায় নোঙর করে।
খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, বুধবার বিকেলে জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করে মান পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা ও ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ল্যাব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খালাস ও পরিবহণ কার্যক্রম শুরু হবে।
নমুনা সংগ্রহ ও পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনা অঞ্চলের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস.কে. মশিয়ার রহমান।
খালাসকৃত চাল নদীপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সরকারি খাদ্য গুদামে সরবরাহ করা হবে। পুরো প্রক্রিয়ায় আনুমানিক চার থেকে পাঁচ দিন সময় লাগবে। এর পর জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।
সহকারী খাদ্য নিয়ন্ত্রক জানান, সরকারিভাবে (জি-টু-জি) চুক্তির আওতায় ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে মোট ৮ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মোংলা বন্দরের মাধ্যমে ২৫ হাজার মেট্রিক টন চাল ইতিমধ্যেই আমদানি সম্পন্ন হয়েছে।