নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। বিএনপি ক্ষমতায় এলে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালন করতে পারবে।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য) রাতে নাটোর শহরের উত্তর চৌকির পাড় শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার বাস্তবায়নের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালিত হবে। তিনি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—আমরা সবাই বাংলাদেশি। প্রত্যেক নাগরিক বুক উঁচু করে নিজের পরিচয় দেবে, এটাই বিএনপির রাজনীতির মূল দর্শন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণা প্রতিষ্ঠা করেছিলেন, তারেক রহমান সেই পথেই দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন এবং সবাইকে সঙ্গে নিয়েই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরের সভাপতি রেবা দাস, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, মন্দিরের পুরোহিত অমিয় মুখার্জিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/বাবি