| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলার চেষ্টা, আহত ২

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ২৩:৫৪:৪২:অপরাহ্ন  |  ৯৫৪৫১৬ বার পঠিত
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলার চেষ্টা, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে অন্তত দুইজন এনসিপি কর্মী আহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ আল আমিন জানান, গণভোট নিয়ে গণসংযোগের সময় তিনি প্রায় ৪০–৫০ জন নেতাকর্মী নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হেঁটে হেঁটে মতবিনিময় করছিলেন। এ সময় এক তরুণকে সন্দেহজনকভাবে তাদের অনুসরণ করতে দেখা যায়। পরে তাকে থামিয়ে তল্লাশি করলে তার জামার ভেতর থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

তিনি বলেন, চাপাতি বহনের কারণ জানতে চাইলে ওই তরুণ জানায়, এক ব্যক্তি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে। এলাকাটি মাদক ও কিশোর গ্যাংয়ের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যেই কয়েকজন লোক সেখানে জড়ো হয়। স্থানীয়দের পরামর্শে নিরাপত্তার স্বার্থে তিনি গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ সুযোগে অস্ত্রধারী তরুণটি পালিয়ে যায় বলে জানান আল আমিন। তাকে ধরতে গিয়ে ধস্তাধস্তিতে এনসিপির দুই কর্মী আহত হন। আহতরা হলেন—এনসিপির ছাত্র উইং ‘ছাত্রশক্তি’র মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার (২১) এবং ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের। তাদের আঘাত গুরুতর নয় বলে জানান তিনি।

ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে তখন সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪