ফরিদপুর প্রতিনিধি: চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ সংসদীয় আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের মনোনয়নপত্র আপিলের মাধ্যমে বৈধ ঘোষণা করা হয়েছে। এ খবরে তাঁর সমর্থক ও অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মনোনয়ন বৈধ হওয়ার পর স্থানীয় ভোটার ও সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তারা জানান, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে স্থপতি মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরে জনগণের অধিকার ও এলাকার উন্নয়নে কাজ করে আসছেন।
প্রতিক্রিয়ায় স্থপতি মুজাহিদ বেগ বলেন, মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে আমার লক্ষ্য আরও স্পষ্ট হয়েছে। জীবনের বাকি সময়টা ফরিদপুর-৪ আসনকে একটি আদর্শ ও উন্নত মডেল সংসদীয় এলাকায় রূপান্তর করতে চাই। এখানকার মানুষের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা এবং অঞ্চলটিকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত গড়ে তোলাই আমার অঙ্গীকার।
তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য প্রয়োজন, যাতে পরিকল্পিতভাবে এলাকার উন্নয়নে কাজ করা যায়। আমার পরিবার দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের পাশে ছিল, সেই ধারাবাহিকতা বজায় রেখে ফরিদপুরের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই। পথচলায় কিছু বাধা এসেছিল, আল্লাহর অশেষ মেহেরবানীতে তা অতিক্রম করতে পেরেছি। আশা করি, সবার দোয়া ও সহযোগিতায় বিজয়ের পথে এগিয়ে যেতে পারব।
নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
রিপোর্টার্স২৪/বাবি