শার্শা প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা তিন দিনে চার হাজার ৫০৬ জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন। একই সময়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি হয়েছে মোট ৯৬১ ট্রাক পণ্য। এ থেকে ভ্রমণ খাতে সরকারের প্রায় ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং বাণিজ্য খাতে প্রায় ৩৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বেনাপোল-পেট্রাপোল রুটের এ তথ্য নিশ্চিত করেন।
বন্দর সূত্র জানায়, রোববার থেকে মঙ্গলবার (১১–১৩ জানুয়ারি) পর্যন্ত তিন দিনে আমদানি হয়েছে ৭৯০ ট্রাক পণ্য এবং রপ্তানি হয়েছে ১৭১ ট্রাক পণ্য। এর মধ্যে রোববার আমদানি ৩০৫ ও রপ্তানি ৪৩ ট্রাক, সোমবার আমদানি ২২২ ও রপ্তানি ৭৮ ট্রাক এবং মঙ্গলবার আমদানি ২৬৩ ও রপ্তানি ৫০ ট্রাক পণ্য হয়েছে।
আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাকের উপকরণ, কেমিক্যাল, তুলা, শিশু খাদ্য, মেশিনারিজ, অক্সিজেন, বিভিন্ন ফল, চাল, পেঁয়াজ ও মাছ। অপরদিকে রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে বসুন্ধরা টিস্যু, মেলামাইন, কেমিক্যাল, মাছ ও ওয়ালটন পণ্যসামগ্রী।
তবে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে বর্তমানে বেনাপোল স্থলপথে পাট, পাটজাত দ্রব্য, তৈরি পোশাক ও কাঠের আসবাবপত্রসহ কয়েকটি পণ্য রপ্তানি বন্ধ রয়েছে।
ইমিগ্রেশন সূত্র জানায়, প্রতিদিন ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী চলাচল করে। তিন দিনে ভারতে গেছেন ২ হাজার ৬২৪ জন এবং ভারত থেকে ফিরেছেন ১ হাজার ৮৮২ জন। ভারতে যাওয়া যাত্রীদের মধ্যে বাংলাদেশি ১ হাজার ৯২০ জন, ভারতীয় ৬৮৮ জন ও অন্যান্য দেশের ১৬ জন। আর ভারত ফেরত যাত্রীদের মধ্যে বাংলাদেশি ১ হাজার ৪৯১ জন, ভারতীয় ৩৭৫ জন ও অন্যান্য দেশের ১৬ জন।
ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, গত বছরের ৫ আগস্টের পর ভিসা জটিলতার কারণে পাসপোর্টধারী যাতায়াত উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে প্রতিদিন গড়ে ৭০০ ট্রাক পণ্যের বাণিজ্য হতো। কিন্তু পরবর্তী সময়ে দুই দেশের একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে আমদানি-রপ্তানি ও যাত্রী চলাচল অর্ধেকেরও নিচে নেমে এসেছে। দীর্ঘদিন ধরে বাণিজ্য বৈঠক বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন।
তিনি জানান, গত বছরে আগের বছরের তুলনায় দেড় লাখ টনের বেশি পণ্য আমদানি কমেছে। ফলে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই লক্ষ্যমাত্রার তুলনায় এক হাজার ১৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। বাণিজ্যে স্বাভাবিক পরিবেশ ফেরাতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন তিনি।
এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, বর্তমানে রেলপথে ভারত থেকে শুধু ট্রাক্টর আমদানি করছে এসিআই মোটরস। ৫ আগস্টের পর থেকে অন্যান্য পণ্যের রেল আমদানি বন্ধ রয়েছে। পাশাপাশি ভারতের নিষেধাজ্ঞার কারণে ঢাকা–কলকাতা রুটে যাত্রীবাহী রেল চলাচলও বন্ধ রয়েছে।