শেরপুর প্রতিনিধি : শেরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের মাঝে গণভোট সম্পর্কিত প্রচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেচর পূর্বপাড়া হাজী ইন্তাজ আলী মোড়ে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাহনূর রহমান সাঈম। ওই সময় তিনি গণভোটের গুরুত্ব প্রসঙ্গে বলেন, তত্ত্বাবধায়ক সরকারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শেখ হাসিনার আমলে এককভাবে সিদ্ধান্ত নেওয়া হতো। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে গুরুত্বপূর্ণ সেসব সিদ্ধান্ত সরকার ও বিরোধী দল মিলে নিতে হবে। আর কোনো প্রধানমন্ত্রী যাতে নিজেকে সর্বেসর্বা মনে করতে না পারে, স্বৈরাচারী হয়ে উঠতে না পারে—সেজন্য ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করতে হবে।
বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্করের সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধক ছিলেন মহিউস সুন্না মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা, চরশেরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আলী এবং বিশিষ্ট সমাজসেবক মো. আনসার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকিম।
আলোচনা শেষে স্থানীয়দের মাঝে গণভোটের প্রচারণা-সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন