লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌর শহরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম রহমতে আলম ইসলামিক মিশন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কে অবস্থিত মদিনাতুল উলুম রহমতে আলম ইসলামিক মিশন মাদ্রাসা ভবনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রেজা শাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র সাহাব উদ্দিন সাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ইমতিয়াজ এনাম তামিম, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম, বিএনপি নেতা কামরুল ইসলাম, হাজী নিজাম, আবুল বাসার, জুয়েল আহমেদ, শাহজাহান কামান সুজন, ফিরোজ উদ্দিন, সোলেমান ও বাবুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাহাব উদ্দিন সাবু বলেন, মদিনাতুল উলুম রহমতে আলম ইসলামিক মিশন মাদ্রাসাটি গড়ে তোলা একটি প্রশংসনীয় ও ভালো উদ্যোগ। এতে করে ছোটবেলা থেকেই একজন মানুষ সঠিক ও শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে পারে। শিশুদের উন্নত চরিত্র ও নৈতিক মূল্যবোধ গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। মাদ্রাসাগুলো শুদ্ধ কোরআন শিক্ষার মাধ্যমে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছে। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এসব শিশুরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিগত শিক্ষাবর্ষে কৃতিত্বের স্বাক্ষর রাখা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও শিক্ষার্থীদের মেধা বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের পবিত্র কোরআন মাজিদের সবক প্রদান করা হয় এবং মাদ্রাসার মুহতামিম মুফতি ফরিদ আহমেদ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
রিপোর্টার্স২৪/এসএন