কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাফিক বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে মোট ৭০টি চেক বিতরণ করা হয়।
এর মধ্যে কুষ্টিয়া জেলায় ৪৮টি চেকের বিপরীতে মোট ১ কোটি ৯৮ লাখ টাকা দেওয়া হয়। এতে আহতদের জন্য ১৩টি চেকে ২৩ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ৩৫টি চেকে ১ কোটি ৭৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। অন্যদিকে, মেহেরপুর জেলায় মোট ২২টি চেকের মাধ্যমে ৮২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এর মধ্যে আহতদের জন্য ৮টি চেকে ১২ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ১৪টি চেকে ৭০ লাখ টাকা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিআরটিএর পরিচালক ও যুগ্ম সচিব রুবায়েত আশিক, অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া প্রণব কুমার সরকার, বিআরটিএ খুলনার পরিচালক মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, দরিদ্র থেকে শুরু করে ধনী—সব শ্রেণির মানুষই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক উদ্যোগ।
রিপোর্টার্স২৪/এসএন