| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৯:৩২:১৬:অপরাহ্ন  |  ৯৪৪৫১০ বার পঠিত
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার তিন উপজেলার অন্তত পাঁচটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদসহ সঙ্গীয় ফোর্স প্রথমে বগুড়া শহরের শাকপালা এলাকা থেকে পোদ্দার বাহিনীর প্রধান ও অস্ত্র ব্যবসায়ী ফিরোজ পোদ্দারকে গ্রেপ্তার করে।

পরে তার দেওয়া তথ্যমতে শাজাহানপুর উপজেলার ওমরদিঘী এলাকা থেকে তার সহযোগী রায়হান আলী রানাকেও গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

এরপর তাদের সঙ্গে নিয়ে ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের একটি নির্মাণাধীন ভাড়াবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি ৯ মিলিমিটার ব্রিটিশ বুলডগ রিভলভার, পাঁচটি দেশীয় অস্ত্র ও কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর দাবি, গ্রেপ্তার ফিরোজ পোদ্দার তার বাহিনী নিয়ে নির্মাণাধীন ওই বাড়িতে আস্তানা গড়ে তুলেছিল। সেখান থেকে অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করত সে।

অভিযান প্রসঙ্গে ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বলেন, গ্রেপ্তার ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ প্রায় আটটি মামলা চলমান রয়েছে। অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪