| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

“নির্বাচনে সীমান্তের ওপার থেকে আসা কোনো অপশক্তিকে প্রতিহত করতে বিজিবি সতর্ক”

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৯:৩৯:৫৯:অপরাহ্ন  |  ৯১৯৬৫৪ বার পঠিত
“নির্বাচনে সীমান্তের ওপার থেকে আসা কোনো অপশক্তিকে প্রতিহত করতে বিজিবি সতর্ক”

বেনাপোল প্রতিনিধি : সীমান্তের ওপার থেকে আসা কোনো অপশক্তি যাতে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচার রোধে বিজিবি নিয়মিত তল্লাশি ও ব্লক রেইড পরিচালনা করছে। এমন তথ্য জানিয়েছেন বেনাপোলের দক্ষিণ-পশ্চিম রিজিয়নাধীন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বেনাপোল বিজিবি ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বেনাপোলসহ শার্শা সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ৪৯ বিজিবি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদকের চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সীমান্তবর্তী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল কার্যক্রম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জ, নড়াইল ও যশোর—এই তিনটি জেলার ১১টি সংসদীয় এলাকার গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়মিত টহল ও রেকি কার্যক্রম চালানো হবে।

এ জন্য তিনটি জেলা ঘিরে মোট ২৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। ইতোমধ্যে স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দিন-রাত নজরদারি চলছে।

এ ছাড়াও কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ কিংবা সীমান্তের ওপার থেকে আসা কোনো অপশক্তি যাতে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচার রোধে নিয়মিত তল্লাশি ও ব্লক রেইড অব্যাহত আছে।

বিজিবি অধিনায়ক বলেন, এককভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। এজন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব প্রতিরোধে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সীমান্ত এলাকায় কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত বিজিবিকে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।”

শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি সীমান্ত এলাকায় সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে সীমান্তের দুর্গম এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে তফসিল ঘোষণার পর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি সম্পন্ন করেছে। আগামী ২৯ জানুয়ারি ২০২৬ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নির্বাচনী এলাকায় মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে।

এছাড়া ২০২৫ সালে ৪৯ বিজিবি কর্তৃক প্রায় ৩৭৭ কোটি টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালান সামগ্রী উদ্ধার এবং সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তারের তথ্য সাংবাদিকদের জানানো হয়।

সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ, সহকারী পরিচালক মো. মুজাহিদ, বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেনাপোলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪