লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন জামায়াত যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান, ৪নং ওয়ার্ড জামায়াতের আমীর মা. হেজবুল্লাহ সোহেল, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি সাকিব হোসেন, শ্রমিককল্যাণ ফেডারেশনের নেতা এমরান হোসেন, ১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন খোকন। এছাড়াও বিএনপি নেতা মো. আব্দুল, মো. কামাল হোসেন এবং রাসেল ভূঁইয়াসহ মোট ১৫ জন আহত হয়েছেন।
জামায়াত নেতা মা. হেজবুল্লাহ সোহেল বলেন, “আমাদের পূর্ব ঘোষিত নারীদের সঙ্গে সভা ছিল। এ সময় বিএনপি নেতাকর্মীরা এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়, এতে আমাদের ১০–১২ জন নেতাকর্মী আহত হন।”
বিএনপি নেতা সাইফুজ্জামান শরীফ বলেন, “চরশাহী ইউনিয়নে আমাদের একটি প্রোগ্রাম ছিল। সেখানে কিছু ব্যক্তি এসে জানান যে টিসিবি মালামাল বিতরণের নামে নারীদের থেকে ভোটার আইডি ও ২০ টাকা নেওয়া হচ্ছে। আমরা বিষয়টি জিজ্ঞেস করার সাথে সাথেই জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়, এতে আমাদের ৪ জন আহত হন।”
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদ আলম জানান, “আমি ঘটনার বিষয়ে এখনও অবগত নই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
রিপোর্টার্স২৪/এসএন