চাঁদপুর প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁদপুরের দুটি সংসদীয় আসনের বিএনপি ও খেলাফত মজলিসের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোটিশপ্রাপ্তরা হলেন—চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে পৃথক দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী ড. মো. জালাল উদ্দিনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মতলব উত্তর উপজেলা বিএনপি’ নামের একটি গ্রুপে ‘আলমগীর সরকার’ আইডি থেকে ধানের শীষ প্রতীক সংবলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। এতে ‘ড. মো. জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিন’—এমন আহ্বান জানানো হয়, যা নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়।
অন্যদিকে চাঁদপুর-৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি গত ১২ জানুয়ারি স্থানীয় দৈনিক মেঘনা বার্তা পত্রিকায় নির্বাচনের নির্ধারিত সময়ের আগেই প্রচারণা চালিয়েছেন।
নোটিশে আরও বলা হয়, নির্বাচনের নির্ধারিত তারিখের তিন সপ্তাহের পূর্বে যেকোনো ধরনের প্রচারণা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।
এ অবস্থায় প্রার্থী তোফায়েল আহমদকে আগামী ২০ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় সিভিল জজ আদালত, মতলব (কমিটির অস্থায়ী কার্যালয়), চাঁদপুরে এবং প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে একই দিন সকাল ১০টায় সিভিল জজ আদালত, শাহরাস্তি (জেলা জজ আদালত ভবন), চাঁদপুরে উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বক্তব্য ব্যতিরেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
চাঁদপুর-৩ আসনের ক্ষেত্রে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ শম্পা ইসলাম কারণ দর্শানোর নোটিশ অতিসত্বর জারি ও জারির প্রতিবেদন দাখিলের জন্য চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
অপরদিকে চাঁদপুর-২ আসনের ক্ষেত্রে কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ শুভ ইসলাম মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একই নির্দেশ প্রদান করেন।