রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় গাছবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত শ্রমিকের নাম বিনয় চাকমা (৩৫)। তিনজনই মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ঢালু সড়ক বেয়ে ওপরে ওঠার সময় মিনি পিকআপটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে গাড়িটি পেছনের দিকে গড়িয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিনজন শ্রমিক নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদেক চাকমা ও মিলন চাকমাকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় চাকমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, রাতের দিকে দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনার পর মিনি পিকআপটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রিপোর্টার্স২৪/আয়েশা