লক্ষ্মীপুর প্রতিনিধি : জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এমপি প্রার্থী ও জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সারাদেশে ঘটে যাওয়া এসব ঘটনা এবং লক্ষ্মীপুরের সাম্প্রতিক ঘটনাগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। যারা এসব ঘটাচ্ছে, তারা কি সত্যিই অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়?
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে জেলা জামায়াত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ড. রেজাউল করিম বলেন, প্রশাসনকে কখনো কখনো একপেশী নীতি অবলম্বন করতে দেখা যাচ্ছে। একপক্ষ মামলা দিতে গেলে বলা হয়—‘আরেক পক্ষও মামলা দেবে, নিজেরা সমঝোতা করুন’। এ ধরনের বক্তব্য প্রশাসনের কাছ থেকে কাম্য নয়। আমরা প্রশাসনের কাছ থেকে অরাজনৈতিক ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করি। আমরা ঘটনার রাতেই এজাহার দায়ের করেছি, কিন্তু এখনো মামলা গ্রহণ করা হয়নি। তাহলে কি প্রশাসন নিরপেক্ষতা হারাতে বসেছে? যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতের লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর রাতে জেলা সদর হাসপাতালে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নেতাকর্মীরা সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
রিপোর্টার্স২৪/এসএন