| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিতে নেমেছেন ৩৫ জন সাঁতারু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১২:৫২:১৭:অপরাহ্ন  |  ৯৪৭২১৮ বার পঠিত
বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিতে নেমেছেন ৩৫ জন সাঁতারু
ছবির ক্যাপশন: সংগৃহীত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সৈকত থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ সাগরপথ পরিচিত ‘বাংলা চ্যানেল’ সাঁতরে পাড়ি দিতে সাগরে নেমেছেন দেশের ৩৫ জন সাঁতারু। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে প্রতিযোগিতা শুরু হয়, যা সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে গিয়ে শেষ হওয়ার কথা।

এবার প্রতিযোগিতায় অংশ নিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৫ জন সাঁতারু সাগরে নামেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এই আয়োজন করছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’।

সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ঢাকসুর সাবেক সদস্য ও অভিজ্ঞ সাঁতারু সাইফুল ইসলাম রাসেল। তিনি এর আগে ছয়বার বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছেন এবং একবার ডাবল ক্রসও সম্পন্ন করেছেন। সর্বশেষ ২০২৩ সালে ৩ ঘণ্টা ৫০ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে তিনি প্রথম হন।

এ ছাড়া এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলা চ্যানেল সফলভাবে পাড়ি দেওয়া প্রথম নারী সাঁতারু এমএসটি সোহাগী আক্তার, যা প্রতিযোগিতায় বিশেষ মাত্রা যোগ করেছে।

সপ্তমবারের মতো বাংলা চ্যানেল জয়ের লক্ষ্যে সাগরে নামা সাইফুল ইসলাম রাসেল বলেন, ‘এর আগে ছয়বার বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছি। ২০২১ সালে একসঙ্গে ডাবল ক্রসও সম্পন্ন করেছি। আজ সাগর কিছুটা প্রতিকূল হলেও আবারও প্রথম হওয়ার চেষ্টা থাকবে।’

২০ বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু এবং ‘কিং অব বাংলা চ্যানেল’খ্যাত ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার বলেন, ‘এবার দুইজন নারীসহ মোট ৩৫ জন সাঁতারু অংশ নিয়েছেন। আন্তর্জাতিক নিয়ম মেনে এই সাঁতার প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে। নিরাপত্তার জন্য প্রতিটি সাঁতারুর সঙ্গে আলাদা বোট ও প্রশিক্ষিত উদ্ধারকর্মী রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলা চ্যানেল সাঁতারকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে আমরা সক্ষম হয়েছি। এবারের আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংক পিএলসি। এ ছাড়া পাওয়ার্ড বাই পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ডাইনামিক ডেন্টিস্ট্রি। ইভেন্ট পার্টনার হিসেবে যুক্ত আছে ভিসাথিং, স্টুডিও ঢাকা ও সরকার এগ্রো।’

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪