ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দায়িত্ব পালনরত সেনাবাহিনীর একটি টহল গাড়ি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর পিকআপ ভ্যানটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ ঘটনায় চারজন সেনাসদস্য আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মহেশপুর–খালিশপুর সড়কের বেলেঘাট ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার সময় সড়কে স্বাভাবিক যান চলাচল ছিল।
প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর টহল পিকআপ ভ্যানটি মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ায় চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি।
ধাক্কার তীব্রতায় সেনাবাহিনীর পিকআপ ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে পাশের বাঁশঝাড়ে আছড়ে পড়ে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকটিও সড়কের পশ্চিম পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত চার সেনাসদস্যকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নাভিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক চলন্ত অবস্থায় গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নাম ‘মা-বাবার দোয়া (মারিয়া মিরাজ)’ এবং এর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-২৬৭৮।
রিপোর্টার্স২৪/ঝুম