ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মো. জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, জসিম উদ্দিন দীর্ঘ দিন ধরে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে শারীরিক অসুস্থতায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকার বনশ্রী এলাকায় তাকওয়া মসজিদের বাদ জোহর নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে খিলগাঁও তালতলা গোরস্তানে দাফন করা হয়।
জসিম উদ্দিনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা