| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৫:৪১:৩৫:অপরাহ্ন  |  ৯৪৫৪৪৪ বার পঠিত
দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে স্বামীর দ্বিতীয় বিয়ের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগীর নাম নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫)। তিনি একজন ইতালিপ্রবাসী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে (২৯) আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার রাত আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকার মাতুব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে দিয়াবাড়ি গ্রামের মৃত রশিদ মাতুব্বরের ছেলে ইতালিপ্রবাসী নাঈম মাতুব্বরের সঙ্গে একই গ্রামের হোসেন মাতুব্বরের মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পরকীয়া সন্দেহসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল।

প্রায় চার মাস আগে নাঈম মাতুব্বর ইতালি থেকে দেশে আসেন। এরপর তিনি স্ত্রীর সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন। এতে শিউলি বেগমের সঙ্গে তার বিরোধ আরও তীব্র হয়। শুক্রবার রাতে তাদের মধ্যে ফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রী শিউলি বেগম রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।

নাঈম অচেতন হয়ে পড়লে রাত ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গে ব্লেড দিয়ে গুরুতর আঘাত করেন শিউলি বেগম। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহামুদ বলেন, “ব্লেডের আঘাতে ওই ব্যক্তির গোপনাঙ্গ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুরো লিঙ্গ কর্তন হয়নি। তাকে সার্জারি বিভাগে পাঠানো হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।”

নাঈমের ভাবি শেফালি বেগম বলেন, “আমার দেবর নাঈমের আর চার দিন পর ইতালি যাওয়ার কথা ছিল। অথচ তাকে রাতে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তার স্ত্রী গোপনাঙ্গ কেটে ফেলেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্ত্রী শিউলি বেগম ক্ষুব্ধ হয়ে তার স্বামীর গোপনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেছে। অভিযুক্ত স্ত্রী পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন। তাকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪