চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬) নামে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে বেৎগুরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিদেশি শটগান ও পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গোলাবারুদ এবং অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
সেনাসদস্যরা জানান, অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে চারপাশ থেকে ঘিরে ফেলায় তারা পালাতে সক্ষম হননি। এ সময় একটি বিদেশি পিস্তল ও কিছু গোলাবারুদ জব্দ করা হয়।
পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা চারটি ভিন্ন স্থানে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছিলেন। এসব স্থানের মধ্যে ছিল পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়ের নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির স্তূপ। পরে এসব স্থান থেকেও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল জানান, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ছয়টি মামলা এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তারা অতীতেও বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি নিজস্বভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করতেন।
অভিযান শেষে বোয়ালখালী থানার পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করছেন।
রিপোর্টার্স২৪/এসএন