খুলনা প্রতিনিধি: খুলনা শিল্পাঞ্চলের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানার হতদরিদ্র ও বেকার মানুষের চিকিৎসাসেবার জন্য পর্যাপ্ত মানসম্মত হাসপাতাল নেই। এ কারণে খুলনা–৩ আসনে একটি ভালো হাসপাতাল নির্মাণ করা জরুরি বলে মন্তব্য করেছেন খুলনা–৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
শনিবার (১৭ জানুয়ারি) খুলনার খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিল্পাঞ্চলের হাজারো শ্রমজীবী মানুষ চিকিৎসাসেবার অভাবে চরম দুর্ভোগে পড়ছেন। তাদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মেডিকেল ক্যাম্পের আয়োজক মৃদুল ইসলাম মৃদুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ড্রিমার্স মেডিকেলের আয়োজনে এবং বিএনপির অঙ্গসংগঠনের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/এসএন