ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া বন্ধ করতে গিয়ে এক সরকারি কর্মচারীকে মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে দুওসুও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মো. মামুন নিজ কর্মস্থলে হাজিরা খাতায় স্বাক্ষর করার পর তার অফিস প্রধান ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা তাকে জানান যে, সনগাঁও মৌজার চৌধুরীপাড়া এলাকায় রাস্তার পাশের কৃষি জমি থেকে স্কেভেটর দিয়ে মাটি কেটে পার্শ্ববর্তী ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিষয়টি খোঁজ নেওয়ার জন্য তিনি মামুনকে সেখানে যেতে বলেন।
দুপুর ১২টার দিকে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছে মামুন দেখেন, একটি স্কেভেটর দিয়ে কয়েকজন শ্রমিক কৃষি জমির উপরের মাটি কাটছেন। শ্রমিকদের কাছে জানতে পেরে তিনি জানতে পারেন, স্থানীয় বাসিন্দা মো. সফিকুল ইসলাম (পিতা: মৃত হামিদুল হক, সাং: সনগাঁও চৌধুরীপাড়া) এই কাজের নির্দেশদাতা।
ফেরার পথে সফিকুল ইসলামের বাড়ির কাছাকাছি রাস্তায় তার সঙ্গে দেখা হয়। মামুন নিজেকে ভূমি অফিসের কর্মচারী পরিচয় দিয়ে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে সফিকুল উত্তেজিত হয়ে ওঠেন। তিনি বলেন, এটা তার নিজস্ব জমি এবং তিনি আইনের তোয়াক্কা করেন না। মামুন বিনয়ের সঙ্গে অবৈধ মাটি কাটার অপরাধের কথা বলে কাজ বন্ধের অনুরোধ জানালে সফিকুল ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান।
অভিযোগে বলা হয়েছে, সফিকুল মামুনকে মাটিতে ফেলে গলা চেপে ধরেন এবং এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তার পকেট ছিঁড়ে ৩ হাজার টাকা ছিনিয়ে নেন। পার্শ্ববর্তী কিছু লোক ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেননি। কোনোরকমে ছাড়া পেয়ে মামুন মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরে আসেন এবং অফিস প্রধানকে বিষয়টি জানান।
পরে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় অফিস প্রধানের সহায়তায় তাকে বালিয়াডাঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মামুন বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সরকারি কাজে বাধা দেওয়া, মারধর, প্রাণনাশের হুমকি ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সফিকুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
থানা সূত্র জানিয়েছে, অভিযোগটি আমলে নিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/এসএন