নড়াইল প্রতিনিধি: পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নড়াইলের প্রধান সড়কের গা ঘেঁষে তৈরি করা হয়েছে ফুটপাত। তবে সেই ফুটপাত এখন অস্থায়ী দোকানি ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে। ফলে ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না পথচারীরা। বাধ্য হয়ে তারা ঝুঁকি নিয়ে মূল সড়কে হাঁটছেন, যা দুর্ঘটনার ঝুঁকি ও যানজট উভয়ই বাড়াচ্ছে।
সরাসরি ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, নড়াইল জেলা শহরের রুপগঞ্জ বাজার, মুচিপোল, পুরানো টার্মিনাল এলাকায় ফুটপাত দখল করে বিভিন্ন পণ্যের দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ফুটপাত ধরে হাঁটার জায়গা না পেয়ে পথচারীরা সড়কে নামতে বাধ্য হচ্ছেন। ফুটপাতে চায়ের দোকান থেকে শুরু করে কাটের আসবাবপত্র, ফল, ফাস্টফুড, খেলনা ও জামাকাপড়ের দোকান দেখা গেছে। কোথাও কোথাও ফুটপাতের অংশ রেখে প্রধান সড়কেও দোকান বসানো হয়েছে।
পথচারীরা অভিযোগ করেছেন, এসব দোকানের কারণে ফুটপাত দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। রাস্তায় নামতে বাধ্য হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।
সুমাইয়া রহমান নামে এক নারী পথচারী বলেন, “ফুটপাত দিয়ে কীভাবে হাঁটব? দোকানের জন্য কি আর উপায় আছে? বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচলের রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে।”
উজ্জ্বল দাস নামের আরেক পথচারী বলেন, “ফুটপাত তো হকারদের জন্য, আমাদের জন্য নয়। আমাদের জন্য থাকলে কেউ এভাবে দখল করতে পারত কি? আমরা হাঁটার জায়গা পাই না, আর এরা ফুটপাত দখল করে বসে আছে। এদের কারণে আমরা ঝুঁকি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হই।”
এদিকে ফুটপাত দখল করে ব্যবসার বিষয়ে কথা বলতে নারাজ দখলদার ব্যবসায়ীরা। নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েকজন বলেন, রুপগঞ্জ বাজারের ইজারাদারদের কাছে দৈনিক ৩০ থেকে ৫০ টাকা খাজনা দিয়ে তারা এখানে ব্যবসা করছেন। তবে কোন ইজারাদারের কাছে তা দেন, তা প্রকাশ করেননি।
ফুটপাত দখলমুক্ত করতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না তা জানতে চাইলে নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
রিপোর্টার্স২৪/এসএন