কুমিল্লা প্রতিনিধি: দীর্ঘ এক যুগের নিরবিচ্ছিন্ন পথচলার পর কুমিল্লার পাঠকপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক কুমিল্লার ডাক’ নতুন ঠিকানায় যাত্রা শুরু করল। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ চর্থা (থিরা পুকুর পাড়) প্রাইমারি স্কুলের পেছনে, মুরাদপুর বটতলা সংলগ্ন নতুন কার্যালয়ে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "সত্য প্রকাশের দায়ে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে আমাকে হামলা-মামলা ও কারাবরণ করতে হয়েছে। তবুও অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম থেমে যায়নি, থামবেও না। আমরা কোনো রাজনৈতিক নেতার পদলেহন করে সত্য আড়াল করিনি, করবোও না।"
তিনি আরও বলেন, "আমি বুকে হাত দিয়ে বলতে পারি, ‘দৈনিক কুমিল্লার ডাক’-এর নাম ব্যবহার করে কোনো গোষ্ঠীকে জিম্মি করে অর্থ উপার্জন করিনি। সাংবাদিকতা একটি মহৎ ও আত্মত্যাগের পেশা। পারিবারিকভাবে অসচ্ছল হলে এই পেশায় আসবেন না। এখানে নিজের অর্থ, শ্রম ও মেধা দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হয়।"
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট শান্তনু হাসান খান, দৈনিক পূর্বাশা পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আবু ইউসুফ বাবু, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেকবর হোসেন, বাংলার আলোড়ন, আলোকিত প্রতিদিন, জাগরণী টেলিভিশন এবং অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার নিজস্ব প্রতিবেদকগণ, মনোহরগঞ্জ ও লালমাই উপজেলা প্রতিনিধি এবং কুমিল্লা মহানগর যুবদল, বিএনপি ও অন্যান্য সমাজসেবকরা।
অনুষ্ঠান শেষে কুমিল্লা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা বদরুল হাসান রাব্বু নতুন কার্যালয় পরিদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কুমিল্লার ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন।
বক্তারা বলেন, "দৈনিক কুমিল্লার ডাক একযুগ অতিক্রম করে দুই যুগে পা রেখেছে। নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও পত্রিকাটি সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল থেকেছে। নতুন কার্যালয়ের মাধ্যমে পত্রিকাটি আরও পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সাহসিকতার সঙ্গে সমাজের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে।"
যদিও অনেক সাংবাদিক কক্সবাজার সফরে থাকায় সরাসরি উপস্থিত হতে পারেননি, তবুও তাঁরা নতুন যাত্রার জন্য শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি কেবল একটি কার্যালয়ের সূচনা নয়—এটি সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি নতুন অঙ্গীকার। ‘দৈনিক কুমিল্লার ডাক’ কেবল একটি সংবাদপত্র নয়, এটি একটি নৈতিক অবস্থান, একটি সামাজিক আন্দোলন এবং একটি নির্ভীক কণ্ঠস্বর। নতুন কার্যালয় থেকে এই কণ্ঠ আরও উচ্চকিত হবে—এমনটাই প্রত্যাশা কুমিল্লার সচেতন নাগরিক সমাজের।
রিপোর্টার্স২৪/এসএন