লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এই সভা আয়োজন করা হয়েছিল। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে সভার সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
সভায় উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট কর্নেল নাফিজ বিন আহ্মেদ, পুলিশ সুপার মো. আবু তারেক, লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা প্রমুখ।
রাজনৈতিক নেতা ও প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, একই আসনে জামায়াত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ইসলামি আন্দোলনের প্রার্থী মো. ইব্রাহীম, জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, বিএনপির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষ প্রার্থী আশ্রাফ উদ্দিন নিজান,
লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, দাঁড়িপাল্লার প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী, শাপলা কলির প্রার্থী মাহবুব আলম প্রমুখ।
পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, "সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা আমাদের একার পক্ষে সম্ভব নয়। সকলের সহযোগিতা প্রয়োজন। ইতিমধ্যেই নির্বাচনকে বানচাল করতে কিছু পক্ষ কাজ করছে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করছি।"
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, "এ নির্বাচন যেন উৎসবমুখর হয় এবং ভোটাররা ভোটকেন্দ্রে নির্বিঘ্নে আসতে পারে, সে জন্য সকল প্রার্থী ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন। সকলকে আচরণবিধি মেনে চলতে হবে। কোথাও আচরণবিধি লঙ্ঘন হলে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। কোনো ছাড় দেওয়া হবে না।"
রিপোর্টার্স২৪/এসএন