বরগুনা প্রতিনিধি: বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় বরগুনার পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার মালিকানাধীন ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে মামলা রয়েছে।
পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান চালানো হচ্ছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বজলুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মামলার আসামি হওয়ায় তাকে (বজলুর) গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে শুক্রবার গভীর রাতে পাথরঘাটা পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথবাহিনী আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তাররা হলেন-রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম (৫৮), হৃদয় মোল্লা (১৯), ইমরান মোল্লা (১৮), এমদাদুল হক (৩০), মো. ওমরসানী (৩০), মো. মুন্না (২৪), মো. নাসির (২২), মো. মোস্তফা (৪০), তোয়া ইব্রাহিম (৩২), পাথরঘাটা পৌর জামায়াতের সদস্য মো. নাসির চৌধুরী এবং ছাত্রশিবির নেতা আব্দুর রহমানকেও আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম ওরফে গদি কালাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম কামরুল ইসলামের ছেলে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর সানি এবং বিএনপি কর্মী মো. মোস্তফা মিয়াকে জামিন দিয়েছেন আদালত।
রিপোর্টার্স২৪/ধ্রুব