| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিশোরীকে অপহরণ করতে গিয়ে বসতবাড়িতে বখাটেদের হামলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৯:৩৩:৫৭:অপরাহ্ন  |  ৯০২২৭৪ বার পঠিত
কিশোরীকে অপহরণ করতে গিয়ে বসতবাড়িতে বখাটেদের হামলা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের কাজল খানের কিশোরী কন্যা চাঁদমনি (১৩)-কে অপহরণ করতে গিয়ে মারপিট, লুটপাট ও বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় একটি বখাটে দল।

গত শুক্রবার বিকেলে এলাকার চিহ্নিত বখাটে শামিম হোসেন মণ্ডল (২৩), নোমান মণ্ডল (২২), এনায়েত মণ্ডল (২৪), জুনায়েদ মণ্ডল (২১), স্বপন মণ্ডল (২৫) ও রবিন হোসেন (২৩)-সহ ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল ছুরি, চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোরীর বাড়িতে মোট তিন দফায় সন্ত্রাসী হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়।

এতে কিশোরীর চাচা মামুন খান, ফুফু রেবেকা আক্তার, দাদি নুরুন্নাহার, ফুফাতো বোন এ্যানি আক্তার ও কিশোরীর নানি মর্জিনা বেগম আহত হন। এ সময় বখাটেরা অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীর পরিবারের সদস্যদের পরনের প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ মোট সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার সময় বখাটে সন্ত্রাসীদের তাণ্ডবে কিশোরীর পরিবারের সদস্যরা কোনো উপায় না পেয়ে জীবনরক্ষার্থে বসতঘরের বিল্ডিংয়ের ছাদে উঠে গেট বন্ধ করে রাখেন। পরে অবরুদ্ধ অবস্থায় কিশোরীর পরিবার ট্রিপল নাইনে ফোন করলে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় বখাটেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার বিকেলে চরভদ্রাসন থানায় কিশোরীর ফুফু রেবেকা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “উল্লেখিত বখাটেরা এলাকার দাঙ্গাবাজ দল। আসামি শামিম মণ্ডলের নামে এর আগে আরও তিনটি মামলা রয়েছে। সবগুলোই মারামারির মামলা।”

জানা গেছে, কিশোরী চাঁদমনি বাড়ির পাশে মদিনাতুল উলুম মাদরাসায় নাজেরা শ্রেণির ছাত্রী। তার পিতা দীর্ঘদিন ধরে প্রবাসে চাকরি করেন। গত এক বছর ধরে মাদরাসায় যাতায়াতের পথে বখাটে শামিম মণ্ডল কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল।

গত ১১ জানুয়ারি সকাল ১০টায় কিশোরী বাড়ির সামনে মূল গেটে দাঁড়িয়ে ছিল। এ সময় বখাটে শামিম মণ্ডল মোটরসাইকেল নিয়ে এসে কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা করলে সে দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে গেট বন্ধ করে দেয়।

প্রায় এক সপ্তাহ পর ঘটনার দিন বিকেলে কিশোরী বাড়ির সামনে বের হলে একটি মোটরসাইকেলে ৪/৫ জন বখাটে হাতে বিভিন্ন প্রকার ফুল নিয়ে এসে তাকে ‘ভাবীসাব’ বলে সম্বোধন করে ফুলের তোড়া এগিয়ে দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় শামিম মণ্ডল কিশোরীর হাত ধরে টানাটানি করলে তার চাচা মামুন খান এগিয়ে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। চিৎকার শুনে এলাকার লোকজন জড়ো হলে বখাটেরা সেখান থেকে চলে যায়।

কিন্তু কিছুক্ষণ পর সন্ধ্যার আগে ১৪/১৫ জনের বখাটে দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোরীর বাড়িতে সন্ত্রাসী হামলা, মারপিট, লুটপাট ও ভাঙচুর চালায়। পরিবারের সদস্যরা বিল্ডিংয়ের ছাদে উঠে জীবন রক্ষা করেন। পরে ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ সময় বখাটেরা তৃতীয় দফায় কিশোরীর বাড়িতে হামলা চালাতে এলে পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪