চট্টগ্রাম প্রতিনিধি : মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের মহানগর এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীকে চট্টগ্রাম মহানগরী থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দুষ্কৃতকারী সদস্যদের চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন জোরদারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
রিপোর্টার্স২৪/এসএন