| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ২১:২২:৫৯:অপরাহ্ন  |  ৯৫৫৩৬৪ বার পঠিত
ফরিদপুরে হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নাসির মিয়া (২৭) মোটরসাইকেল চুরি করতে গিয়ে রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের হাতে ধরা পড়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মো. নাসির মিয়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাসির মিয়াকে ভাটারা থানা পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, নাসির ফরিদপুরের একটি আলোচিত হত্যা মামলার পলাতক আসামি। এরপর ভাটারা থানা পুলিশ আলফাডাঙ্গা থানার সঙ্গে যোগাযোগ করলে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা যায়।

এর আগে, গত ২৫ ডিসেম্বর ভোররাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বিএনপি নেতা সাইফুল সর্দার। গ্রাম্য বিরোধের জের ধরে ‘শুটার জুয়েল’ নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে একটি সশস্ত্র দল ‘পুলিশ পরিচয়ে’ তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এই ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ আরও ১০–১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নাসির মিয়া ওই হত্যা মামলার ২০ নম্বর এজাহারভুক্ত আসামি। ভাটারা থানা পুলিশের মাধ্যমে তার গ্রেপ্তারের খবর পেয়ে প্রয়োজনীয় নথিপত্র আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে। চুরির মামলার পাশাপাশি তাকে সাইফুল সর্দার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

তিনি আরও জানান, সাইফুল সর্দার হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪