| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো তিনজনের পাশাপাশি দাফন চৌদ্দগ্রামে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ০৬:৩৪:৩২:পূর্বাহ্ন  |  ১৫৬০৯৮ বার পঠিত
উত্তরার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো তিনজনের পাশাপাশি দাফন চৌদ্দগ্রামে

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ স্বজন ও এলাকাবাসী। নিহত তিনজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রামের চিওড়া কাজীবাড়ি পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। স্বামী কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮) ও স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণার (৩৭) মাঝখানে চিরনিদ্রায় শায়িত হয়েছে তাদের দুই বছরের শিশু সন্তান কাজী ফাইয়াজ রিশান।

শনিবার সকালে অ্যাম্বুলেন্সে মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ঢল নামে।

পারিবারিক সূত্র জানায়, ফজলে রাব্বি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলেন এবং তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন। ছুটির দিন হওয়ায় শুক্রবার তারা সপরিবার বাসায় ছিলেন। সে সময়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্বজনদের ধারণা, আগুনে দগ্ধ না হয়ে মূলত ধোঁয়ার কারণে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হয়, যার মধ্যে তিনজনই ছিলেন চৌদ্দগ্রামের একই পরিবারের সদস্য।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪