জয়পুরহাট প্রতিনিধি: চাঞ্চল্যকর ইয়ানুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গোলাম মোস্তফাকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
এর আগে গত ৮ জানুয়ারি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন শলাইপুর এলাকায় পূর্বশত্রুতার জের আসামি গোলাম মোস্তফার নেতৃত্বে ১৮ জন অজ্ঞাতনামা আসামি দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম ইয়ানুর হোসেন ও তার বন্ধু আলামিনকে শলাইপুর বাজারে যাওয়ার পথে পথরোধ করে।
এ সময় আসামিরা চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠি-সোটা দিয়ে ইয়ানুর ও আল-আমিনকে মারধর করতে থাকে। তখন ইয়ানুরের বন্ধু আলম ও রুবেল ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় ভিকটিমদের উদ্ধার করতে এগিয়ে এলে আসামিরা তাদেরও মারধর করে। পরে ভিকটিমদের বন্ধুরা শলাইপুর বাজারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীরা ঘটনাস্থলে এলে আসামিরা পালিয়ে যায়। আসামিরা ইয়ানুর ও আল-আমিনের মাথা, মুখ, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আল-আমিনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং ইয়ানুরকে গুরুতর অবস্থায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ানুরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ইয়ানুরের ভাই মুমিনুর ইসলাম (৩৮) বাদী হয়ে পাঁচবিবি থানায় অভিযোগ দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব-৫ সিপিসি-৩ আসামি গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-৩ এবং র্যাব-৪ সিপিসি-২ এর একটি যৌথ অভিযানিক দল ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকা থেকে পলাতক এজাহারভুক্ত আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন