সিনিয়র রিপোর্টার: সাভারে পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে আবারও উদ্ধার হলো আগুনে পোড়া দুইটি পোড়া মরদেহ। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের টয়লেটের ভেতরে মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ফের দুই পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সাভার মডেল থানা-পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে। তবে মরদেহ দুটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই নিহত যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপর ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। যা স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।