রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে তেলের টাকা না দিয়ে পালানোর সময় পেট্রোল পাম্পের এক কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উদ্যোগে ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। নিহতের পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহা তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। পরিকল্পিতভাবে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে আনুমানিক ৪:৩০টার দিকে একটি কালো জিপ গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬) করিম ফিলিং স্টেশনে আসে। গাড়িটি থেকে প্রায় পাঁচ হাজার টাকার জ্বালানি তেল নেওয়া হয়। টাকা পরিশোধ না করে গাড়ি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে পাম্প কর্মচারী রিপন সাহা গাড়িটি আটকানোর চেষ্টা করেন। তখন তাকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায় গাড়িটি, ঘটনাস্থলেই রিপন সাহা নিহত হন।
নিহত রিপন সাহা (২৯) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে করিম ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন।
পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়ি শনাক্ত করে। গাড়ির মালিক আবুল হাসেম সুজন (৫৪) এবং চালক কামাল হোসেন সরদার (৪৩) হিসেবে চিহ্নিত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে আবুল হাসেম সুজনকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকা থেকে গ্রেপ্তার করে এবং ব্যবহৃত গাড়ি জব্দ করে। চালক কামাল হোসেনকে বানীবহ নিজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তার চালক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
রিপোর্টার্স২৪/এসএন