বগুড়া প্রতিনিধি: বিএনপি মনোনীত বগুড়া-১ আসনের ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার হওয়ায় আর কোনো বাধা রইল না।
রবিবার (১৮ জানুয়ারি) তার প্রার্থীতার বিষয়ে বিস্তারিত জানান কাজী রফিকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির ও একটি ব্যাংক কাজী রফিকের বিরুদ্ধে আপিল দায়ের করেছিলেন। কিন্তু দলের নীতি ও ঐক্যের স্বার্থে জাকির এবং ব্যাংক উভয়েই আপিল প্রত্যাহার করেছেন। এ ঘোষণার পর কাজী রফিক বগুড়া-১ আসনের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন।
ব্যারিস্টার কাজল আরও জানান, ব্যাংকের আপিল প্রত্যাহারের কারণ হলো কাজী রফিকের সঙ্গে ব্যাংকের দেনা-পাওনার বিষয়ে ইতিমধ্যেই সমঝোতা হয়েছে এবং তিনি প্রয়োজনীয় অর্থ পরিশোধ করেছেন।
নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী, বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন।
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে সাবেক সংসদ সদস্য কাজী রফিক ধানের শীষ প্রতীকে মনোনয়ন পান। ২৮ ডিসেম্বর তিনি সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
রিপোর্টার্স২৪/এসএন