ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে মোবাইল ফোনে অনলাইন কেসিনো জুয়ায় সর্বস্বান্ত হয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে শহরের পূর্ব হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাদেকুল ইসলাম (৬০)। তিনি মৃত নজিবর রহমানের ছেলে। পরিবার ও পুলিশ জানায়, কয়েক বছর ধরে মোবাইল ফোনে কেসিনো জুয়ায় আসক্ত ছিলেন সাদেকুল ইসলাম। এ কারণে তিনি পারিবারিক বসতবাড়ি পর্যন্ত বিক্রি করে দেন। পরবর্তীতে তিনি কানের টিউমার ও হার্নিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। অসুস্থতার কারণে রিকশাভ্যান চালানো বন্ধ হয়ে যায়। এতে তিনি আর্থিক সংকট, হতাশা ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছিলেন।
নিহতের স্ত্রী মর্জিনা বেগম জানান, স্বামী প্রায়ই বলতেন তিনি আর বাঁচতে চান না। ঘটনার দিন সন্ধ্যায় তিনি কেরোসিন তেল কিনতে বাসার বাইরে যান। ফিরে এসে ঘরের ভেতর কাঠের সাঁটারের সঙ্গে নাইলনের রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামীকে দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় তাকে নামানো হলেও ততক্ষণে তিনি মারা যান।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (নং–০৭/২৬) রেকর্ড করা হয়েছে।
নিহতের স্ত্রী আরও জানান, স্বামীর মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদমনির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/এসএন