| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশের অভিযোগে ছাত্রদলের রেললাইন অবরোধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৯:১৫:২৪:অপরাহ্ন  |  ৮৯৮৫২০ বার পঠিত
কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশের অভিযোগে ছাত্রদলের রেললাইন অবরোধ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় পৌর শহরের ফিসারিজ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ পথের রেললাইনে আগুন ধরিয়ে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। তারা হাতে লাল নিশান নিয়ে রেললাইনে বসে পড়েন।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা আন্তঃনগর ট্রেনটি জামালপুর স্টেশনে প্রায় ৪০ মিনিট আটকা পড়ে থাকে।

খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রায় ৪০ মিনিট পর আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

ছাত্রদের অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেককেই পৌর ছাত্রদলের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা এর জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনকে দায়ী করেন।

জানা যায়, গত ২৪ ডিসেম্বর জামালপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে মশাল মিছিল, সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

ছাত্রদল নেতাকর্মীরা নবগঠিত কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাতিল করা না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাদিউর রহমান রাব্বী বলেন, দীর্ঘ ১৭ বছর যে সকল ছাত্রদলের নেতাকর্মীরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম করতে গিয়ে জেল-জুলুম, নির্যাতন, নিপীড়ন ও হামলা-মামলার শিকার হয়েছিল, আজ তাদের মূল্যায়ন না করে হাসিনার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আমরা আন্দোলন করছি। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নবগঠিত বিতর্কিত কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দেওয়ার দাবি জানান। দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা রেললাইনে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪