মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে অন্তত ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে দশ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা–বরিশাল মহাসড়কের সদর উপজেলার মিলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশের তথ্যমতে, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। এরপর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অন্তত দশ জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওসি মামুন আল রশিদ আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/বাবি