বাউফল প্রতিনিধি: বাউফল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাবিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার কেশবপুর ইউপির ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড় ভাই রুহুল আমীন মৃধার সঙ্গে ছোট ভাই ওবায়দুর রহমানের বসতভিটা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বাড়ির একটি মেহগনি গাছের ডাল কাটেন ওবায়দুর। ওই সময় বাধা দিলে ওবায়দুরের হাতে থাকা দা দিয়ে বড় ভাইয়ের স্ত্রী আকলিমা বেগম (৫২)-এর মাথার ওপর কোপ দেয়। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত ওবায়দুর রহমান বলেন, আমি গাছ কাটতে গেলে আমার বড় ভাই রুহুল আমীন মৃধার স্ত্রী আমাকে বাধা দিলে হাতাহাতি হয়। তখন আমার হাতে দা ছিল। তবে আমি তাকে কোপ দেইনি। তারাই আমার ছেলে ও আমাকে মারধর করেছে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত নারীর মাথায় ধারালো বস্তু দিয়ে আঘাতের ক্ষত রয়েছে। তবে আশঙ্কামুক্ত।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, আমি পটুয়াখালীতে অবস্থান করায় বিষয়টি জানা নেই। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন