| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পাখির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ২০:৫৮:২৪:অপরাহ্ন  |  ৯৩১২৩৫ বার পঠিত
বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পাখির মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনালে হাই-মাস্ট লাইট পোস্টে বিদ্যুৎশকে একসাথে অসংখ্য অতিথি পাখির মৃত্যুর ঘটনায় প্রকৌশলীর অবহেলা ও ত্রুটিপূর্ণ নকশার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন যাবৎ হাই-মাস্ট লাইটের আশেপাশে দুই-একটা পাখি মৃত দেখা গেলেও লোকজন এটা নিয়ে ভ্রূক্ষেপ করেনি। রোববার সকালে ইয়ার্ড এলাকায় এই ল্যাম্পপোস্টের নিচে বিদ্যুৎ সংযোগ বক্সের তালা খুললে তার ভেতরে প্রায় ত্রিশটি মৃত পাখি দেখা যায়। মৃত পাখিগুলো দেখে বিষয়টি প্রকাশ্যে আসে। বন্দরের মধ্যে থাকা প্রায় প্রতিটি ল্যাম্পপোস্টেই একই অবস্থা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই অতিথি পাখিগুলো আবাবিল পাখি হতে পারে। রাতে তীব্র আলো ও ঠান্ডার কারণে পাখিগুলো হাই-মাস্ট লাইট পোস্টের ফাঁকা অংশে আশ্রয় নেয়। কিন্তু লাইট পোস্টে খোলা ও অপর্যাপ্তভাবে রক্ষিত বিদ্যুৎ সংযোগ থাকায় পাখিগুলো বিদ্যুৎ শকের শিকার হয়। একে একে পাখিগুলো মারা যায়।

স্থানীয়দের অভিযোগ, এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি স্পষ্টতই প্রকৌশলীদের ত্রুটিপূর্ণ নকশার ফল। নিয়ম অনুযায়ী হাই-মাস্ট লাইটে বিদ্যুৎ লাইনের সুরক্ষিত কভার, ইনসুলেশন ও বন্যপ্রাণী-নিরাপদ নকশা থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে তা মানা হয়নি বলেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বন্যপ্রাণী সুরক্ষার বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষিত। ইয়ার্ড টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের গাফিলতির কারণে বারবার বন্যপ্রাণীর প্রাণহানির ঝুঁকি তৈরি হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায় এড়ানোর সুযোগ নেই।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজার কাছে জানতে চাইলে বিষয়টি তার কাছে গুরুত্বহীন মনে হয়। তিনি বলেন, বিষয়টি আমি কয়েকদিন আগে শুনেছি, আগামীকাল বিষয়টি নিয়ে আমি ঢাকায় চিঠি দিয়ে দেবো।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দায়ী ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে তদন্ত, জবাবদিহি নিশ্চিত করা এবং দ্রুত হাই-মাস্ট লাইটের বিদ্যুৎ ব্যবস্থা বন্যপ্রাণীবান্ধবভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪