| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে আব্বাস চৌধুরী হত্যা: লাশ নিয়ে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৯:১১:০৬:অপরাহ্ন  |  ৮৮৭৩৭৬ বার পঠিত
মাদারীপুরে আব্বাস চৌধুরী হত্যা: লাশ নিয়ে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে আব্বাস চৌধুরীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনের আগে নিহতের স্বজন ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন।

জানা যায়, গত ১৪ জানুয়ারি মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাড়ি ফিরছিলেন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মোসলেম চৌধুরীর ছেলে আব্বাস চৌধুরী (৪৫)। পথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা আব্বাসকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ মাদারীপুরে আনা হলে ফের বিক্ষোভ শুরু হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য তোফাজ্জেল হোসেন সান্টু, নিহতের বোন সাহিনুর বেগম, ইকবাল ফরাজী, নিয়ন হাওলাদার, রাসেল হাওলাদারসহ আরও অনেকে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহতের বোন সাহিনুর বেগম বাদী হয়ে আনোয়ার জমাদ্দারসহ ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪