কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা তার সকল ওয়াজ/তাফসীর মাহফিলের কার্যক্রম বন্ধ রাখছেন। পাশাপাশি তিনি ক্ষমা চেয়ে পোস্ট করেছেন।
সোমববার (১৯ জানুয়ারি) রাত ৮টায় তার ফেসবুক ভেরিফায়ড একাউন্টে ঘোষণা দিয়েছেন যে, তিনি সকল ওয়াজ/তাফসীর মাহফিলের কার্যক্রম বন্ধ রাখছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন:
"প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসীর মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসীর মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন। – আমির হামজা"
প্রসঙ্গত, সম্প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো'র নাম বিকৃতভাবে উল্লেখ করে আমির হামজার একটি বক্তব্য ভাইরাল হয়। এরপর সারাদেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হন।
বিতর্কিত এই বক্তব্যের জেরে মুফতি আমির হামজা তার ফেসবুক পেজে দেওয়া একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেছেন এবং এই বক্তব্য প্রচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। রবিবার সন্ধ্যায় তিনি আরও জানান, "বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে", যদিও হুমকির কোনও প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া এ বিষয়ে এখনো পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
রিপোর্টার্স২৪/এসএন