ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দিয়ারগাঁও এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৯ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়।
অভিযানে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনিরের নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে মেসার্স এমকেডি ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইটভাটা স্থাপন ও কার্যক্রম পরিচালনার অপরাধে এই ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ফায়ার সার্ভিস কর্তৃক ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয় এবং সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনায় ময়মনসিংহ জেলা পুলিশ, পাগলা থানা পুলিশ, গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করে। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।