শেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-১ (সদর) আসনের তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ।
শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন— বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা, জামায়াত প্রার্থী মো. রাশেদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর আগেই গত ৯ জানুয়ারি সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার জঙ্গলদি বাজারে এক কর্মীসমাবেশে বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা বক্তব্য দেন যে, ধানের শীষে ভোট না দিলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না।
অন্যদিকে জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম তার নিজ নামীয় ফেসবুক পেজে দলীয় প্রতীকসহ পোস্টার ও ছবি ব্যবহার করে প্রচারণা চালান এবং বিভিন্ন জনসমাবেশে উস্কানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ আনা হয়েছে।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতীকসহ পোস্টার-ছবি ব্যবহার করে প্রচারণা চালান এবং প্রতীক বরাদ্দের আগেই পথসভায় নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চান।
নোটিশে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর আর্টিকেল ৭৩ (৩) (বি) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি লঙ্ঘনের শামিল।
এ বিষয়ে বিচারক তানভীর আহমেদ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট তিন প্রার্থীকে আগামী ২২ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না— সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এদিকে শোকজের বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা বিষয়টি শুনেছেন। নোটিশ হাতে পাওয়ার পর দেখে-শুনে যথাযথ জবাব দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব