| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশ সুপারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির দাবিতে ইসিতে আবেদন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ২১:৫০:১২:অপরাহ্ন  |  ৮৮০৯৪৮ বার পঠিত
পুলিশ সুপারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির দাবিতে ইসিতে আবেদন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) রওনক জাহানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হয়েছে।

মোয়াজ্জেম হোসেন মিলন নামের এক ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ আবেদন করেন। গত ১১ জানুয়ারি করা ওই আবেদনে তিনি অভিযোগ করেন, পুলিশ সুপার একটি রাজনৈতিক দলের পরিবারের সদস্য হওয়ায় নির্বাচনে পক্ষপাতমূলক ভূমিকা রাখতে পারেন এমন আশঙ্কা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আবেদনকারী মোয়াজ্জেম হোসেন মিলনের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বকাউল কান্দি এলাকায়। আবেদনের অনুলিপি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত ও বিএনপির অনেক কর্মী-সমর্থক নিরাপত্তাজনিত কারণে ক্ষমতাসীন দলের লোকদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বাধ্য হয়েছিলেন। কেউ কেউ বিভিন্ন পদ-পদবিও ধারণ করেছিলেন। বর্তমানে নড়িয়া উপজেলা ও সখিপুর থানার আওতায় এমন অনেক জামায়াত কর্মী-সমর্থক এবং জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করা ব্যক্তিদের আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে পুলিশ গ্রেপ্তার করছে এবং বিভিন্ন মামলায় জড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করা হয়।

অপরদিকে আবেদনে দাবি করা হয়, বিএনপির এমন অনেক কর্মী-সমর্থক রয়েছেন, যারা পূর্বে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে নানা অপকর্মে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ গুরুতর অভিযোগ থাকলেও বিএনপির সঙ্গে বর্তমানে সক্রিয় থাকার কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এমনকি ভুলক্রমে কাউকে থানায় নেওয়া হলে বিএনপির নেতাকর্মীরা এসে ছাড়িয়ে নিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা পুলিশ সুপারের নির্দেশে এসব কাজ করছেন বলে আবেদনে উল্লেখ রয়েছে।

এছাড়া আবেদনে পুলিশ সুপার রওনক জাহানকে একটি রাজনৈতিক দলের পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, তার আপন চাচা মো. আবু তাহের তালুকদার (পূর্বধলা উপজেলা) নেত্রকোনা-৫ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণে পুলিশ সুপার পক্ষপাতদুষ্ট আচরণ করলে জেলায় সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

এ বিষয়ে আবেদনকারী মোয়াজ্জেম হোসেন মিলন বলেন, যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ করেনি কিন্তু নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করছে, তাদের আগের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ধরে গ্রেপ্তার করা হচ্ছে। অথচ যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ লোক ছিল এবং এখন বিএনপি করছে, তাদের ধরতে বললে পুলিশ সুপার ধরছেন না। থানাগুলোও আমাদের সঙ্গে অসহযোগিতা করছে। এসব বিষয় নির্বাচন কমিশনের নজরে আনতেই আমরা আবেদন করেছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, এ ধরনের কোনো অভিযোগের বিষয়ে আমি অবগত নই।

এদিকে শরীয়তপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ তাহসিনা বেগম বলেন,আমি এখনো এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪