| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে মুদিখানা দোকানীর ওপর হামলাকারী গণপিটুনিতে নিহত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ২২:২৩:৪৯:অপরাহ্ন  |  ৯১৮২০৫ বার পঠিত
যশোরে মুদিখানা দোকানীর ওপর হামলাকারী গণপিটুনিতে নিহত
ছবির ক্যাপশন: যশোরে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক মুদি দোকানিকে কুপিয়ে গুরুতর আহত করার পর অভিযুক্ত যুবক পলাশ (৩৪) গণপিটুনিতে নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি: যশোরে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক মুদি দোকানিকে কুপিয়ে গুরুতর আহত করার পর অভিযুক্ত যুবক পলাশ (৩৪) গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত পলাশ সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি গ্রামের মেলোর ছেলে। অন্যদিকে, গুরুতর আহত মুদি দোকানি রফিকুল ইসলাম (৫০) একই গ্রামের তবজেল মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে রফিকুল ইসলাম বাইসাইকেলে করে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথে চৌগাছা থানাধীন শলুয়া কলেজের সামনে পৌঁছালে পলাশ তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পলাশ ধারালো হাসুয়া দিয়ে রফিকুল ইসলামের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

রফিকুল ইসলাম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের (রেফার্ড) পরামর্শ দেন।

এদিকে, হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা পলাশকে ধাওয়া করে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪