শেরপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন, গণভোট সংক্রান্ত সচেতনামূলক প্রচারপত্র বিতরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি শেরপুর জেলার নকলা উপজেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রশাসনিক প্রস্তুতির সার্বিক অবস্থা পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের প্রস্তুতি, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো খতিয়ে দেখেন। একই সঙ্গে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আমিন (পিএসসি), কমান্ডিং অফিসার, ৫৮ ইস্ট বেঙ্গল, মো. ইফতেখারুল হক, উপপরিচালক, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও উপস্থিত কর্মকর্তারা ভোটারদের মধ্যে গণভোট সংক্রান্ত সচেতনামূলক প্রচারপত্র বিতরণ করেন এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হয় এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়।
এছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মিজ সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রশাসন সূত্রে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর জেলায় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসসি